ব্লকচেইন অলিম্পিয়াডের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ
এবারের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়নশিপসহ মোট ছয়টি পুরস্কার জিতেছে বাংলাদেশ। অলিম্পিয়াডে সর্বোচ্চ স্কোরনিয়ে বাংলাদেশের টিম অ্যাপোক্যালিপস চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে। পুরস্কার হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের দল টিম অ্যাপোক্যালিপস সদস্য সাদিয়া আহমেদ,এসএম জিশানুল ইসলাম, শহিদ হোসেন মুস্তাকিম এবং মিসেস আদিবা তাসনিম আনাম সনদ ছাড়াও প্রাইজমানি হিসেবে পাবেন ২৪০০ ইউরো।
প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশের অপর ৫টি দলগুলো হলো- টিম আনচেইন্ড টিমগ্রেডেভস, টিম বিক্রিপ্ট, টিম কুয়েট অ্যানোনিমাস এবং টিম ব্লকবিট। এই পাঁচটি দলকে দেয়া হয়েছে মেরিট সম্মাননা।
আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩ এর ব্রোঞ্জ পদক অর্জন করেছে মোঙ্গোলিয়ার দল মাস্তনাম।
বাংলাদেশ, কানাডা, চীন, ইউরোপ, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, মেসিডোনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, রাশিয়া, তাইওয়ান, ইউক্রেন, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম সহ ২০টি দেশ থেকে প্রায় ৪৫টি দল অংশ নেয় এবারের অলিম্পিয়াডে।
দলগুলোর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল টিম ব্লক বিট সদস্যরা হলেন- মোঃ ওমর আলী সুলতান, কাজী মোঃ আরিফ শাহরিয়ার, মোঃ হাসিবুল ইসলাম শান্ত এবং মোঃ মেহেদী হাসান ইফতি। কুয়েট আনএনিমাস দলে রয়েছেন তানজিম আহমেদ রেজা, মোছা. তাজরিন তাব্বাস্সুম, সাবিক আফতাহি, মো. তানভিরুল ইসলাম এবং মো. সাকাইদ সাকির। সিলেট ক্যাডেট কলেজের টিম গ্রেডেভস দলে রয়েছেন শাহরিয়ার রহমান নাহিদ, এসএম সাইমুল ইসলাম, ঘাগরা সালেম দেবনাথ ও কে এম মাইনুরদোজা। বাংলাদেশ থেকে সম্মাননা প্রাপ্ত সর্বশেষ দলটি হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল টিম আনচেইনড সদস্য এইচএম শোয়ায়িব হাসান, মোছা. আনিকা খায়ের, মো. মো. সিয়াম হোসেন সরকার এবং মোছা. ফারহি আলিনা আহমাদ।
স্থানীয় সময় ১৭ অক্টোবর নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে অলিম্পিয়াড বিজয়ীদের হাতে সম্মাননা সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানস্থল থেকে এই তথ্য দিয়েছেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের দুই সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মাদ কায়ককোবাদ এবং হাবিবুল্লাহ এন করিম।







